জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন জামায়াতের আমির।
জাতীয় স্বার্থে দল–মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, ‘‘একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য দল–মতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই এ জাতি বিজয়ী হবে।’’ তিনি বলেন, মাওলানা আব্দুস সুবহানের ব্যক্তিত্ব দল–মতনির্বিশেষে সবাইকে মুগ্ধ করত। আওয়ামী লীগ সরকারের ‘জুলুমের’ শিকার হয়ে কনডেমড সেলে মৃত্যুর প্রহর গুনলেও তিনি কখনো ভয় পাননি। জেলে থেকেও তিনি fellow বন্দিদের খোঁজখবর রাখতেন।
শফিকুর রহমান আরও বলেন, ‘‘নেতৃত্ব দিতে হলে মানুষকে বুঝতে হয়, আজ তার বড় অভাব দেখা দিয়েছে। মাওলানা আব্দুস সুবহান কারাগারেও মানুষের সমস্যা সমাধানে কাজ করেছেন। তিনি ফাঁসির রায় শুনেও প্রশান্ত ছিলেন। দেশ ও মানুষকে ভালোবাসলে পালিয়ে যাওয়া সম্ভব নয়—জামায়াত নেতারা তা প্রমাণ করেছেন।’’
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘‘জুলাই বিপ্লবের মাধ্যমে বিতাড়িত সরকার আব্দুস সুবহানকে অপমান করতে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করেছিল। কিন্তু আজ সেই আওয়ামী লীগই অপমানিত হয়ে দেশ থেকে পালিয়েছে।’’
বইটির লেখক আলী আহমাদ মাবরুর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শামীম সাঈদী, ব্যারিস্টার নাজিব মোমেনসহ অন্যান্যরা।

মতামত দিন