সুষ্ঠু ভোট হলে দুই-তৃতীয়াংশ আসন পাবে বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন,নূন্যতম সুষ্ঠু ভোট হলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাবে বিএনপি।তিনি বলেন, “বিএনপি কখনো কারচুপির নির্বাচনে অংশ নেয়নি, সমর্থনও করেনি, ভবিষ্যতেও ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালায় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।
রুমিন ফারহানা বলেন, “১৭ বছর ধরে বিএনপি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। এখনও সে আন্দোলন চলছে, কারণ দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই—আছে এক অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই আন্দোলন থামবে না।”
আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “এই দেশে আওয়ামী লীগ সব সময় বিরোধীমতের ওপর দমন-পীড়ন চালিয়েছে। মানুষকে কথা বলতে দেয়নি, গ্রামে থাকতে দেয়নি, হামলা-মামলায় জীবন দুর্বিষহ করে তুলেছে। এ কারণেই তারেক রহমান দেশে ফিরতে পারেননি। আর ৭৬ বছর বয়সে খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “এই ১৭ বছরের আন্দোলনের ফলেই আওয়ামী লীগের পতন ঘটেছে। বাংলাদেশের নামের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন নেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ওতোপ্রোতভাবে জড়িত। জিয়া পরিবার দেশের জন্য জীবন উৎসর্গ করেছে—জিয়া পরিবার ভালো থাকলে দেশও ভালো থাকে, জনগণও ভালো থাকে।”
উল্লেখ্য, কর্মশালার সমাপনী পর্বে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দিনব্যাপী এই কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা অংশ নেন।

মতামত দিন