রাজনীতি
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো নিয়ে আপত্তি বিএনপির, বেশিরভাগ সুপারিশে সমর্থন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বেশিরভাগ সুপারিশের সঙ্গে বিএনপির নীতিগত সমর্থন রয়েছে। তবে আপত্তি রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি ও মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা কমানো সংক্রান্ত প্রস্তাব নিয়ে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সংবিধান, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার সুপারিশ নিয়ে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির পরিবর্তে তিনজন সিনিয়র বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের যে সুপারিশ এসেছে, তা বিএনপি সমর্থন করে না। এই পদ্ধতি বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্র পরিচালনার প্রশ্নে দলটির অবস্থান স্পষ্ট করে সালাহউদ্দিন আহমদ বলেন, অষ্টম, নবম, দশম, দ্বাদশ ও পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা ফিরিয়ে আনা বিএনপির অবস্থান। ধর্মনিরপেক্ষতা বিলুপ্তি, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্নেও দলটি একমত। এগুলো মৌলিক অধিকারের অংশ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলেছে বিএনপি।

নির্বাহী বিভাগে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার প্রশ্নে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা ও রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা আমাদের অঙ্গীকার। তবে ভারসাম্য আনতে গিয়ে যেন প্রশাসনিক অকার্যকারিতা বা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।”

বিএনপি পরপর দুইবারের বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে। তবে এক মেয়াদ বিরতির পর আবারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা যেতে পারে বলে মত দিয়েছে দলটি। একই ব্যক্তি দলীয় প্রধান ও সংসদ নেতা হবেন কি না, সে সিদ্ধান্ত সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাবেও একমত পোষণ করেছে দলটি।

বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

মতামত দিন