রাজনীতি
ছবি: সংগৃহীত

সোমবার কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আগামী সোমবার (২১ এপ্রিল) কাতার যাচ্ছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নিচ্ছেন।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অধ্যাপক ইউনূস কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য ‘আর্থ সামিট-২০২৫’-এ অংশ নেবেন। পাশাপাশি, তার কাতারের আমিরের সঙ্গে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ সরকারি সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

‘আর্থ সামিট-২০২৫’ আগামী ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। সম্মেলনে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা এবং গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

মতামত দিন