কক্সবাজার সমুদ্রসৈকতে দাঁড়িয়ে ফেসবুক লাইভে সারজিস আলম যে জরুরি বার্তা দিলেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে দাঁড়িয়ে ফেসবুক লাইভে জলবায়ু ও সমুদ্রসম্পদ রক্ষায় জরুরি বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সমুদ্রভিত্তিক অর্থনীতি এবং উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণে দলের অঙ্গীকার তুলে ধরেন তিনি।
বুধবার (৬ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে তিনি বলেন, "বাংলাদেশের সমুদ্রসীমা আমাদের ভূমির সমান প্রায়। এখানে খনিজ ও জীববৈচিত্র্যের বিপুল সম্ভাবনা রয়েছে, যা টেকসইভাবে ব্যবস্থাপনায় রূপান্তর করা জরুরি।"
তিনি উল্লেখ করেন, জলবায়ু সহিষ্ণুতা এবং সমুদ্র-নদী সংরক্ষণের বিষয়টি এনসিপির ঘোষিত ২৪ দফা ইশতেহারে ২১ নম্বরে স্থান পেয়েছে। এছাড়া উপকূলীয় জনগণের জীবনযাত্রা রক্ষায় আগাম পূর্বাভাস ও প্রস্তুতির ওপর গুরুত্ব দেন তিনি।
এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কক্সবাজার পৌঁছে ইনানী এলাকায় অবস্থান নেয় এনসিপির একটি প্রতিনিধি দল। সারজিস ছাড়াও এতে ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তাঁর স্বামী ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
তাদের এই সফর এনসিপির কেন্দ্রীয় পর্ষদকে না জানিয়ে হওয়ায় দলের পক্ষ থেকে পাঁচ নেতার প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। আবার, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ঢাকার আনুষ্ঠানিকতা এড়িয়ে এই সফর করায় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
এদিকে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। তবে এনসিপি নেতারা বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন।
মতামত দিন