রাজনীতি
ছবি: সংগৃহীত

কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় যেতে পারবে না : গয়েশ্বর।

নিজেস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার ভাষায়, "কেয়ামত পর্যন্ত জামায়াত বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না।
"

রোববার (২০ জুলাই) মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, “৭১ সালের রাজাকাররা রাষ্ট্র চালাবে—এটা চিন্তাই করা যায় না। আওয়ামী লীগ না থাকলে বিএনপি সরকার গঠন করবে—এই সম্ভাবনাই জামায়াত মেনে নিতে পারছে না। সেজন্য তারা নানাভাবে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “জামায়াত পাকিস্তানেও জনসমর্থন হারিয়েছে, ওখানেও তারা কোনো আসন পায়নি। ভারতে থাকলেও সেখানেও তাদের রাজনৈতিক অবস্থান গুরুত্বহীন। যারা বাংলাদেশের জনগণের ভাষা বোঝে না, যারা আজও ৭১-এর স্মৃতিকে অস্বীকার করে, তারা এ দেশের মানুষের আস্থা পেতে পারে না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

মতামত দিন