সোহরাওয়ার্দীতে সমাবেশে বক্তৃতারত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির।
শনিবার (১৯ জুলাই) বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি। বক্তৃতার মাঝপথেই হঠাৎ ভারসাম্য হারিয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। সঙ্গে সঙ্গেই আশপাশে থাকা দলের নেতাকর্মী ও চিকিৎসকরা ছুটে এসে তাকে সেবা দিতে শুরু করেন।
প্রাথমিক চিকিৎসার পর মাত্র দুই মিনিটের মধ্যে তিনি আবার উঠে দাঁড়ান এবং বক্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে কিছুক্ষণ পর আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। এবার আর দাঁড়িয়ে কথা না বলে মঞ্চেই বসে বক্তৃতা চালিয়ে যান ডা. শফিক।
এ সময় পাশে থাকা দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তীব্র গরমে জামায়াত আমির অসুস্থ হয়ে পড়েছেন এবং আর বক্তব্য দেওয়ার অবস্থায় নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু সে ঘোষণার মধ্যেই জানা যায়, ডা. শফিকুর রহমান আবারও বক্তব্য দিতে ইচ্ছা প্রকাশ করেছেন।
পরে মঞ্চে বসেই বক্তব্য দেন জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, “আল্লাহ যতটুকু হায়াত দিয়েছেন, ততটুকু সময় পর্যন্ত এ লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। মুক্তি না আসা পর্যন্ত আমরা থামবো না। যদি মানুষের সেবা করার সুযোগ পাই, আমি মালিক হব না, সেবকই হবো।”
মতামত দিন