লড়াই শেষ না করে আমরা থামব না: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ঘোষণা।
নিজেস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরও বিভিন্ন স্থানে হামলা হতে পারে, তবে আমাদের দমন করা যাবে না।” তিনি বলেন, “মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থানের লড়াই শুরু হয়েছে, তা চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত থামবে না।
” শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টায় মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে এক পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মুন্সীগঞ্জের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “এই মুন্সীগঞ্জ এক সময় উপমহাদেশের অন্যতম শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল, অথচ আজ এখানে স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ এবং কর্মসংস্থানের চরম সংকট বিরাজ করছে।” নদীভাঙন, অবৈধ বালু উত্তোলন, প্রবাসী সমস্যা এবং উন্নয়ন বঞ্চনার কথাও তুলে ধরেন তিনি। প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “মুন্সীগঞ্জের হাজারো মানুষ বিদেশে থাকে। তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা সোচ্চার। প্রবাসীদের বলুন—তারা যেন নিজেদের অধিকারের বিষয়ে সরব হয়।” পথসভায় দেশের সামগ্রিক সংকট তুলে ধরে ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি, আর আমরা জানি, মুন্সীগঞ্জবাসী সেই লড়াইয়ে আমাদের সঙ্গে থাকবে।” পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা ও সামান্তা শারমিন। সকাল থেকেই শহরে দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল। কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও সেনা সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

মতামত দিন