ভবিষ্যৎ নির্বাচনে ষড়যন্ত্রের আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান:মির্জা ফখরুলের।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের আয়োজনে ‘জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে’ আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, লন্ডনে বৈঠক হওয়ার পর থেকেই বিএনপিকে উত্তেজিত করার ফাঁদ পেতে রেখেছে শাসকগোষ্ঠী। তাদের উদ্দেশ্য হলো, আমরা যেন আবেগে ভেসে গিয়ে এমন কিছু করি যা তারা তাদের স্বার্থে ব্যবহার করতে পারে। কিন্তু বিএনপি এখন অনেক পরিণত; আমরা সেই ফাঁদে পা দেব না।
তিনি আরও বলেন, ‘৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ’৯০-এর গণআন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই মাস নতুন এক গণতান্ত্রিক অভিযাত্রার সূচনা করেছে। এই পথে দেশের জনগণই ছিল মূল চালিকা শক্তি—কোনো বিশেষ গোষ্ঠী নয়। অথচ এখন কেউ কেউ সেই গণজাগরণকে নিজেদের একক কৃতিত্ব বলে প্রচার করছেন, যা বাস্তবতা থেকে দূরে।’
আন্দোলনের পটভূমিতে ছাত্রদলের ভূমিকার কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন কর্মী প্রাণ দিয়েছেন। আজও তাঁদের নাম সরকারিভাবে স্বীকৃত হয়নি। আহতদের অনেকে চিকিৎসা ও সহযোগিতা থেকে বঞ্চিত। দলীয়ভাবে এসব বিষয়ে মনোযোগ দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে চালানো অপপ্রচারেরও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। তাঁর মতে, এই অপপ্রচার চালানো হচ্ছে কেবল ভয়ের কারণে—কারণ তারেক রহমান এখন একটি জাতীয় নেতার অবস্থানে পৌঁছে গেছেন, যা শাসকগোষ্ঠীর জন্য উদ্বেগের বিষয়।
পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের শান্ত থেকে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সফল হবেই।

মতামত দিন