দেশে ডেমোক্রেসির বদলে চলছে মবক্রেসির রাজত্ব: সালাউদ্দিন আহমেদ।
নিজেস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য, কিন্তু এখন দেশে মবক্রেসির রাজত্ব চলছে।” তিনি বলেন, “চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।
সালাউদ্দিন বলেন, “যারা গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে, তারা কারা? এবং কেন? এই দুই ‘কেন’র জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা।”
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি সব ধরনের সহযোগিতা দিলেও বর্তমানে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে দলটিকে কলঙ্কিত করার অপচেষ্টা চলছে।
তার কথায়, “কারা এসব করছে? কারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের পথ তৈরি করছে? আমরা জানি—যারা গণঅভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করতে চায়, তারাই এই ষড়যন্ত্রের নেপথ্যে।”
নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, “আমরা আশা করেছিলাম, লন্ডন বৈঠকের পর মাননীয় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে বার্তা দেবেন। কিন্তু দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন প্রসঙ্গ এলেও নির্বাচন কমিশন এখনো কোনো নির্দেশনা পায়নি।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আশা করি জাতিকে ও জনগণকে নির্বাচনের ব্যাপারে আপনি আশ্বস্ত করবেন।”
মতামত দিন