রাজনীতি
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

নিজেস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় টোল আদায়কে কেন্দ্র করে স্থানীয় দুই রাজনৈতিক সংগঠনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে কাজীপাড়া মোড়ে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এতে উভয়পক্ষের অন্তত দুজন আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কুমারখালী পৌরসভা যানবাহনের টোল আদায়ের দায়িত্ব ইজারায় দেয় স্থানীয় বিএনপি ঘনিষ্ঠ জিয়া মঞ্চের নেতা রাকিব হোসেনের কাছে। বিকেলে এক অটোরিকশাচালক নির্ধারিত টোল দিতে অস্বীকৃতি জানালে তাকে আটকানো হয়। অটোচালক ফোনে যুব জামায়াতের নেতা শোভনকে ডেকে আনেন, যার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

শোভন ও তার সঙ্গে আসা কয়েকজনের সঙ্গে ইজারাদার রাকিবের অনুসারীদের বাকবিতণ্ডা থেকে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে তা হাতাহাতি ও ধারালো অস্ত্র ব্যবহারের পর্যায়ে পৌঁছে যায়। এতে গুরুতর আহত হন রাকিব ও শোভন। আহত রাকিব বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। শোভন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বাড়িতে।

বিএনপি ও জামায়াত উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ এনেছে। রাকিবের সহকর্মীরা দাবি করছেন, পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে জামায়াতপন্থী নেতারা বলছেন, অযথা হয়রানি ও অপমান করায় শোভনের বন্ধুর পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছিল।

এ প্রসঙ্গে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “টোল আদায় নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় এলাকায় বাড়তি উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মতামত দিন