রাজনীতি
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ফের যাওয়ার ঘোষণা, শহীদদের রক্তের শপথে ফিরব আবার: নাহিদ

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় সরকারের সমালোচনা করে আবারও জেলার প্রতিটি উপজেলায় কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

নাহিদ বলেন, “আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থিদের হবে।”

আওয়ামী লীগকে “সন্ত্রাসবাদী সংগঠন” আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে পূর্বঘোষিত শান্তিপূর্ণ পথসভায় অংশ নিতে গিয়ে তাদের ওপর “সশস্ত্র হামলা” চালানো হয়েছে। তিনি বলেন, “আমরা যুদ্ধের জন্য যাইনি। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা প্রমাণ করে, আওয়ামী লীগ একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়।”

নাহিদ আরও অভিযোগ করেন, হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো সময়মতো পদক্ষেপ নিলে রক্তপাত এড়ানো যেত। চারজনের মৃত্যুর জন্য তিনি প্রশাসন ও সরকারের ব্যর্থতাকে দায়ী করে বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। শুধু গোপালগঞ্জে নয়, সারা দেশজুড়ে এ অভিযান চালাতে হবে।”

এনসিপি আহ্বায়ক জানান, নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনেই তারা শহরে প্রবেশ করে শুধুমাত্র পথসভা করেছেন। এরপর ফেরার পথে হামলা হয়েছে। তিনি বলেন, “প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজরা এসব হামলার সহায়তা করেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা আগেই গোপালগঞ্জে অবস্থান নিয়েছিল।”

তিনি গোপালগঞ্জের নিহত এনসিপি নেতাকর্মীদের শহীদ হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা শহীদদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করছি, মুজিববাদকে বাংলাদেশে টিকতে দেবো না।”

পোস্টের শেষাংশে তিনি শহীদ বাবু মোল্লা, রথীন বিশ্বাস এবং মকসুদপুরের শহীদদের স্মরণ করে বলেন, “এই মাটি মুজিববাদীদের হতে দেবো না। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীর হবে না ইনশাআল্লাহ।”

মতামত দিন