‘বেঁচে ফিরলে মুজিববাদের কবর রচনা করব’—গোপালগঞ্জে হামলার পর ফেসবুকে সারজিস।
নিজেস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করে ফেসবুকে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব; না হয় ফিরব না।
সারজিস আরও লেখেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের ওপর আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের দিকে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনার আজকেই শেষ দিন।’
এর কয়েক ঘণ্টা আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে পদযাত্রায় আবারও হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করে।
এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলাকারীদের ঠেকানোর চেষ্টার পরিবর্তে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। হামলার পর এনসিপি নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন।
বর্তমানে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা যৌথভাবে এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

মতামত দিন