রাজনীতি
ছবি: সংগৃহীত

ইসিতে এনসিপি: নৌকা প্রতীক বাতিল ও শাপলা অন্তর্ভুক্তির দাবি।

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী পরিচালনা বিধিমালার প্রতীকের তপশিল থেকে ‘নৌকা’ প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছে। দলটির দাবি, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের প্রতীক হিসেবে পরিচিত নৌকা কোনোভাবেই তপশিলে অন্তর্ভুক্ত থাকতে পারে না।
১৩ জুলাই নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এনসিপির একটি প্রতিনিধি দল এই দাবি তোলে এবং কমিশনের কাছে লিখিতভাবে বিষয়টির আইনগত ব্যাখ্যা প্রদান করে। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানান, নৌকা প্রতীক বাদ দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের আইন মন্ত্রণালয়ে পাঠানো সংশোধিত প্রস্তাবেই বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। সিইসি আশ্বস্ত করেছেন, তারা এ বিষয়ে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল, যারা আরও জানান, তাদের দাবি অনুযায়ী শাপলা প্রতীক না দেওয়া হলে, এর যৌক্তিক ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে হবে। অন্যথায়, তারা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলবে। এনসিপি দাবি করেছে, শাপলা প্রতীক ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই এবং কমিশনের নিরপেক্ষতা বজায় রাখতে পুনর্গঠন জরুরি। এর আগে, ইসি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকা থেকে শাপলা প্রতীক বাদ দিয়ে ১১৫টি প্রতীকের একটি তালিকা তৈরি করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে, যা এনসিপি সমালোচনা করে। উল্লেখ্য, ২২ জুন এনসিপি নিবন্ধনের আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায় এবং এর আগে নাগরিক ঐক্যও একই প্রতীকের জন্য ১৭ এপ্রিল আবেদন করে। দু’দলই একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করলেও প্রতীক তালিকায় শাপলা যুক্ত করা হয়নি, ফলে প্রতীক নিয়ে দ্বন্দ্ব এবং রাজনৈতিক চাপ আরও বাড়ছে।

মতামত দিন