রাজনীতি
ছবি: সংগৃহীত

শাপলা প্রতীক ফেরত চায় এনসিপি, ইসির সঙ্গে বৈঠকে প্রতিনিধিদল।

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা’ প্রতীক পেতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দলটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যায় এবং বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে।

বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক  হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ দলটির শীর্ষ নেতারা।

সূত্র বলছে, এনসিপি সংসদ নির্বাচনে অংশ নিতে ‘শাপলা’ প্রতীক ফিরে পেতে চায়। এর আগে দলটি  নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার সময়ও এই প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে।

উল্লেখযোগ্য বিষয় হলো, একই প্রতীক পেতে আগ্রহ প্রকাশ করেছিল মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও। ১৭ এপ্রিল নাগরিক ঐক্য শাপলা প্রতীকের জন্য আনুষ্ঠানিক আবেদন জানায়। পরবর্তীতে উভয় দলই একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে শাপলা প্রতীক দাবির পক্ষে যুক্তি তুলে ধরে।

তবে নির্বাচন কমিশন সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তাবিত প্রতীকের তালিকা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠায়—যেখানে শাপলা প্রতীকটি বাদ রাখা হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি।

দলটি কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলছে, একই প্রতীক চাওয়ার ভিত্তিতে কোনো পক্ষকে অগ্রাধিকার না দিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো উচিত ছিল।বর্তমানে শাপলা প্রতীক না থাকায় নির্বাচন সামনে রেখে তাদের রাজনৈতিক কৌশল ও প্রচারণা কার্যক্রমেও সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ দলটির।

মতামত দিন