সোহাগ হত্যাকাণ্ডে খেলাফত মজলিসের ক্ষোভ, চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ।
শনিবার (১২ জুলাই) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মাসিক বৈঠকে এ প্রতিক্রিয়া জানানো হয়। দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
সভায় মামুনুল হক বলেন, “ব্যবসায়ী সোহাগকে শত শত মানুষের সামনে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা শুধু একটি ব্যক্তি অপরাধ নয়, এটি বিচারহীন রাষ্ট্রীয় বাস্তবতার একটি ভয়াবহ চিত্র। চাঁদাবাজি এখন একটি ভয়াল সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। বাজার, পরিবহন, নির্মাণ, এমনকি ধর্মীয় অঙ্গনেও এই দস্যুবৃত্তি ছড়িয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছত্রচ্ছায়ায় চাঁদাবাজ চক্র গড়ে উঠেছে। তাদের দখলদারিত্বই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে দুর্বল করে ফেলেছে।
নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, “আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে আংশিক পিআর পদ্ধতি নিম্নকক্ষে এবং পূর্ণ পিআর পদ্ধতি উচ্চকক্ষে বাস্তবায়িত হবে। এতে দুর্বৃত্তদের দৌরাত্ম্য রোধ সম্ভব হবে ইনশাআল্লাহ।”
সভায় আরও বক্তব্য দেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মুফতি সাঈদ নূর, মাওলানা আফজালুর রহমান প্রমুখ। তারা বলেন, বর্তমান সরকার চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রুখতে সম্পূর্ণ ব্যর্থ। বরং প্রশাসনের ভেতরের কিছু দুর্নীতিগ্রস্ত অংশ এসব অপরাধীদের পৃষ্ঠপোষকতা করছে।
সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহিউদ্দিন রব্বানী,মাওলানা হেলালুদ্দীন আহমদ, মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মুফতি উজাইর আমীনসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষ নেতারা।
মতামত দিন