রাজনীতি
ছবি: সংগৃহীত

সোহাগ হত্যাকাণ্ডে রাজনৈতিক ফায়দা লুটার অভিযোগ :বিএনপির রিজভীর।

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল ফায়দা লুটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটি ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ঘটেছে এবং এতে কারো কোনো লাভ হবে না।

শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী জানান, ঘটনার সঙ্গে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের যাদের নাম পাওয়া গেছে, তাদের রাতেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, কোনো ধরনের অপকর্ম, সংঘাত বা হত্যায় যারা জড়িত, তাদের কোনো ছাড় নেই।

রিজভী বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, তার সত্য উদঘাটনের দায়িত্ব প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর। তিনি কিছু রাজনৈতিক দলকে সতর্ক করে বলেন, তারা এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে, যা ভুল এবং বিএনপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার ও প্রশাসন যেন অপরাধীদের ধরিয়ে এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন, যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে। তিনি জামায়াত-শিবিরের অতীত নৃশংসতার কথা উল্লেখ করে বলেন, তারা বিএনপির ইতিবাচক দিকগুলো উপেক্ষা করে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে, যা সফল হবে না।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম  আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক ও এম কফিল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

মতামত দিন