রাজনীতি
ছবি: সংগৃহীত

সোহাগ হত্যায় দায় চাপানো ‘নোংরা ও অপরাজনীতি’: সালাহউদ্দিন আহমদ।

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অভিযুক্ত নেতাদের আজীবন বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি বলেন, তারপরও বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা নোংরা ও অপরাজনীতি।

শুক্রবার (১১ জুলাই) রাতে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মিটফোর্ডের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সরাসরি ব্যবস্থা নিয়েছে। যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদেরকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এরপরও বিচ্ছিন্ন একটি ঘটনার দায় বিএনপির ওপর চাপানো রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি, এই ঘটনায় দলের অবস্থান “জিরো টলারেন্স”। কোনো অপরাধীকে বিএনপি আশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না।’

এদিকে, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথক পৃথক বিবৃতিতে জানায়, এ ঘটনায় করা মামলার আসামিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ওই দুই নেতার সঙ্গে দলের সাংগঠনিক কোনো সম্পর্ক রাখা যাবে না। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনি পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

স্বেচ্ছাসেবক দলও পৃথক এক বিবৃতিতে তাদের অভিযুক্ত দুই নেতাকে আজীবন বহিষ্কারের কথা জানায়।

মতামত দিন