রাজনীতি
ছবি: সংগৃহীত

সোহাগ হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায়: মিয়া গোলাম পরওয়ার।

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে প্রকাশ্যে হত্যার ঘটনা প্রাচীন জাহেলি যুগের নিষ্ঠুরতাকেও হার মানায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাজধানীতে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে।’

তিনি আরও বলেন, ‘এই যুগে প্রকাশ্যে দিবালোকে এভাবে পাথর মেরে একজন মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা  করা—সেটাও শুধুমাত্র সামান্য চাঁদা না দেওয়ার কারণে—আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায়। এই দৃশ্য জাহেলিয়াতের লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেই যেন স্মরণ করিয়ে দেয়।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘যারা এই রাজনীতির ধ্বজাধারী, তারা যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তবে জনগণের জান-মাল কোনোভাবেই নিরাপদ থাকবে না।’

পোস্টের শেষে তিনি মন্তব্য করেন, ‘আবার সেই ফ্যাসিবাদেরই পদধ্বনি শোনা যাচ্ছে।’

মতামত দিন