রাজনীতি
ছবি: সংগৃহীত

সোহাগ হত্যা: যুবদলের দুই নেতা আজীবন বহিষ্কৃত।

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় দলের দুই নেতাকে আজীবন বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার (১১ জুলাই) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি।

যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ জুলাই  মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে মো. সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত থাকায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক সদস্য পদসহ তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে যুবদল।

এ সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন অনুমোদন করেছেন।

মতামত দিন