রাজনীতি
ছবি: সংগৃহীত

মিটফোর্ডে সোহাগ হত্যা: সামাজিক প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের।

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, “এ কোন যুগ! কোন সমাজ! প্রকাশ্য দিবালোকে একজন ক্ষুদ্র, সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো!”

তিনি লেখেন, “মিটফোর্ডের এই মর্মান্তিক ঘটনা আমি বিদেশে অবস্থানকালে জেনেছি। জানতে পেরে যেন সকল ভাষা হারিয়ে ফেলেছি। হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না— এজন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত।”

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে আরও বলেন, “হে সমাজ, জেগে উঠো! মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও। মনে রেখো— আজ তুমি কারো বিপদে চুপ থাকলে, আগামীকাল তোমার ওপর এর চেয়েও বড় বিপদ এলে, তখন তুমি কাউকে পাশে পাবে না।”

তিনি অপরাধীদের বিরুদ্ধে ভয় ও সংকোচ উপেক্ষা করে সার্বজনীন সামাজিক প্রতিরোধ গড়ে তোলার  আহ্বান জানান।

মতামত দিন