রাজনীতি
ছবি: সংগৃহীত

১১ জুলাইকে গণঅভ্যুত্থানের ‘প্রতিরোধ দিবস’ ঘোষণা।

নিজস্ব প্রতিবেদকঃ

চব্বিশের গণঅভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম রক্ত ঝরার দিন ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ওইদিনের পুলিশি হামলার বর্ষপূর্তিতে আয়োজিত স্মরণসভায় তিনি এ ঘোষণা দেন।

আসিফ মাহমুদ বলেন, “১১ জুলাই কুবির ছাত্রদের রক্তেই শুরু হয়েছিল চব্বিশের গণঅভ্যুত্থান। সেই দিন পুলিশের নগ্ন হামলা ছাত্রদের দমিয়ে রাখতে পারেনি। রাত ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিল। সেই প্রতিরোধ থেকেই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে। এ কারণেই ১১ জুলাইকে গণঅভ্যুত্থানের প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করছি।”

স্মরণসভায় উপস্থিত ছিলেন কুবির উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, উপ-উপাচার্য ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর ড. আব্দুল হাকিম, জেলা প্রশাসক আমিরুল কায়সার ও পুলিশ সুপার নজির আহমেদ খান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য তিনটি পরিবহন বাস উপহারের ঘোষণাও দেন উপদেষ্টা।

এর আগে আহত ও নিহত শিক্ষার্থীদের স্মরণে ‘জুলাই মিনার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রসঙ্গত, গত বছর ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। গুলি, লাঠিচার্জ ও টিয়ার শেলের আঘাতে আহত হন অন্তত ২০ জন। হামলার খবর  ছড়িয়ে পড়লে ছাত্ররা সাধারণ হল থেকে বেরিয়ে মহাসড়কে নামে। টানা ৮ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে ঢাকা-চট্টগ্রাম রুট কার্যত অচল করে দেন তারা।

মতামত দিন