বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বহিষ্কৃত ১০ নেতাকর্মী।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। শুক্রবার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান।
বহিষ্কারের তালিকায় যাঁরা
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব রউফ শেখ, ছাত্রদল নেতা কাউছার, যুবদলের মনজেদ শেখ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মজিবর খাঁ, কামাল শেখ, মানিক খাঁ, শাকিল খাঁ, রুহুল খাঁ, লেবু খাঁ এবং হালিম শেখ। এদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
সংঘর্ষের পেছনের ঘটনা
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার (৮ জুলাই)। মোবাইল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রদল নেতা আশিকের ফোন ভাঙার অভিযোগ ওঠে ছাত্রদল নেতা কাউছারের বিরুদ্ধে। এরপর বিষয়টি মীমাংসা হলেও পরদিন ফের উত্তেজনা ছড়ায়। আশিক ও তার ভাই সবুজকে ডেকে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায় এবং গুলির ঘটনা ঘটে। এতে সদস্য সচিব রউফ শেখসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। রউফ শেখকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
কেন্দ্রের কঠোর অবস্থান
বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সুজানগরের সহিংস ঘটনায় জড়িতদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া যেসব সন্ত্রাসী বিএনপির নয়, তারা যদি দলের নাম ভাঙিয়ে যোগাযোগ করে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সুজানগর থানার ওসি মজিবর রহমান জানিয়েছেন, এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন