রাজনীতি
ছবি: সংগৃহীত

জুলাই সনদের বাস্তবায়ন দাবি করে মাগুরায় এনসিপির পথসভা।

নিজস্ব প্রতিবেদক:

“লড়াই এখনো শেষ হয়নি”—এই আহ্বান জানিয়ে মাগুরায় অনুষ্ঠিত পথসভা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন দাবি করেছেন। তিনি বলেন, দেশের মৌলিক সংস্কার এবং গণতান্ত্রিক ভিত্তি পুনর্নির্মাণে এই সনদের বাস্তবায়ন জরুরি।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মাগুরা শহরের ভায়না মোড়ে আয়োজিত পদযাত্রা-পরবর্তী পথসভায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পরেও দেশে নতুন সংবিধান না থাকায় চলমান সংকটগুলো কাটিয়ে ওঠা যাচ্ছে না। মৌলিক সংস্কার ও নতুন সংবিধান ছাড়া বাংলাদেশ বিনির্মাণ অসম্পূর্ণ থেকে যাবে।”

তিনি ফ্যাসিবাদের বিচার, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ এবং বিদেশি আধিপত্যের বিরুদ্ধে জাতীয় ঐক্য গ ড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের মর্যাদা দিতেই সনদ বাস্তবায়ন করতে হবে।”

নাহিদ ইসলাম জানান, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অন্যথায় রাজনৈতিক কর্মসূচি আরও জোরদার করা হবে। এই দাবিতে ৩ আগস্ট ঢাকায় সমাবেশ করার ঘোষণাও দেন তিনি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডা. তাসনিম জারা ও নুসরাত তাবাসসুম প্রমুখ।

সভা থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়, “আপনার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে সরব হোন, গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করুন।”

মতামত দিন