ডিসেম্বরে ভোটের সব প্রস্তুতি শেষের নির্দেশ, বিএনপির সন্তুষ্টি প্রকাশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভার আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একটি অংশ।
বিএনপি মনে করে, জনগণ একটি গ্রহণযোগ্য ও কার্যকর সংসদ চায়। সে লক্ষ্যেই নির্বাচন কমিশনের প্রস্তুতি দ্রুত শেষ করে ভোটের আয়োজন করা উচিত—এমন প্রত্যাশা ব্যক্ত করেন ফখরুল।
তিনি জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির চূড়ান্ত মতামত সরকারের কাছে পাঠানো হয়েছে।
আলোচনায় বিএনপির অতীত ভূমিকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। আর খালেদা জিয়া যুক্ত করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান। অথচ আজ বিএনপিকেই সংস্কারের পথে বাধা হিসেবে দেখানো হচ্ছে।”
তবে তিনি বলেন, “আমরা বেশিরভাগ সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত। কিছু মূলনীতি নিয়ে ভিন্নমত রয়েছে, যেগুলোর নিষ্পত্তি আগামী সংসদে হোক—এই মতামত আমরা দিয়েছি।”
মতামত দিন