রাজনীতি
ছবি: সংগৃহীত

‘আওয়ামী লীগ খারাপ না’ মন্তব্যে তোপের মুখে বিএনপি নেতা ফজলু ।

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া বর্তমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের একটি সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি বলেছেন, “হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না”— তার এই বক্তব্যের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

বিশেষ করে, তার নিজ জেলার এক ছাত্রদল নেত্রী প্রকাশ্যে এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান সোমবার (৭ জুলাই) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক পোস্টে লিখেছেন, “হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না— ফজলুর রহমানের এই বক্তব্য আমাদের কাছে বিভ্রান্তিকর এবং ইতিহাস ও বাস্তবতার পরিপন্থী।”

নুসরাত আরও বলেন, “যে আওয়ামী লীগ ১/১১ থেকে শুরু করে বারবার গণতন্ত্র হত্যার মূল হোতা ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চেয়েছে, সেই দলের দায়ভার কেবল একজন ব্যক্তির ওপর চাপানো রাজনৈতিক অপচেষ্টা ছাড়া কিছু নয়।”

তিনি তার পোস্টে স্পষ্টভাবে লেখেন, “আমি এই বক্তব্যকে ঘোরতরভাবে প্রত্যাখ্যান করছি। এটি বিএনপির লক্ষ লক্ষ ত্যাগী নেতাকর্মীর অনুভূতির প্রতি চরম অবমাননা। আমরা ব্যক্তি নয়, আদর্শ ও বক্তব্যকে প্রাধান্য দিই। আদর্শচ্যুতি ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম এবং থাকব।”

তিনি আরও বলেন, “আমরা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের ছাত্রশক্তি হিসেবে মাঠে ছিলাম, আছি এবং থাকব।”

এমন বিতর্কিত বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে অবস্থান স্পষ্ট করার দাবিও জানান তিনি।

মতামত দিন