রাজনীতি
ছবি: সংগৃহীত

আওয়ামী দমন-পীড়ন ছিল এজিদের পৈশাচিকতার প্রতিচ্ছবি:তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ওপর আওয়ামী সরকারের গত ১৬ বছরের দমন-পীড়ন ছিল কারবালার ঘটনার মতোই নির্মম এবং পৈশাচিক, যা এজিদ বাহিনীর নৃশংসতার প্রতিচ্ছবি।

শনিবার (৫ জুলাই) দেওয়া বাণীতে তিনি বলেন, “১০ মহররম মুসলমানদের জন্য এক গভীর শোক ও আত্মত্যাগের দিন।

এই দিনে হযরত ইমাম হোসেন (রাঃ) কারবালার প্রান্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গ করেন। তাঁর আত্মত্যাগ বিশ্বব্যাপী নিপীড়িতদের জন্য এক অনুপ্রেরণার উৎস।”

তারেক রহমান বলেন, “গত দেড় দশকে বাংলাদেশে গুম, হত্যা, ভোটাধিকার হরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও সর্বগ্রাসী দুর্নীতির মাধ্যমে এক ভয়াল শাসন কায়েম করেছে আওয়ামী সরকার।দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী নেতারা সেই নিপীড়নের সরাসরি অংশীদার ছিল, যারা জনগণের ওপর জুলুম চালিয়ে গেছেন এজিদ বাহিনীর মতো।”

তিনি আরও বলেন, “ইমাম হোসেন (রাঃ)-এর আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ লড়াই থেমে থাকতে পারে না।”

একই উপলক্ষে পৃথক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,“আওয়ামী স্বৈরতন্ত্র বাংলাদেশকে কারবালার ভূমিতে পরিণত করেছিল। সাধারণ মানুষ রক্ত, হিংসা ও শোষণের যাঁতাকলে নিষ্পেষিত হয়েছে। আশুরা আমাদের শেখায়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত ধর্মীয় দায়িত্ব।”

তিনি বলেন, “এই দিনটি ন্যায়, নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও ত্যাগের মাধ্যমে অন্যায় প্রতিরোধের বার্তা দেয়। বর্তমান প্রজন্মকে সেই শিক্ষাই ধারণ করতে হবে।”

মতামত দিন