রাজনীতি
ছবি: সংগৃহীত

জুলাইতে শহীদ না হওয়া জীবনের বড় আফসোস: আসিফ মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ  সজীব ভুঁইয়া বলেছেন, শহীদ হওয়ার সুযোগ না পাওয়াটা তার জীবনের একটি বড় দুঃখ। শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “গত বছর জুলাইতে আমাদের হত্যার সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল। যারা সে নির্দেশ দিয়েছিল, তারা আজ ইতিহাসের জবাব পেয়ে গেছে।”

আসিফ মাহমুদ আরও বলেন, “৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি গিয়েছিলাম। যদি আবার সেই সুযোগ আসে, আমি পিছপা হবো না।”

তিনি জুলাই মাসকে আত্মত্যাগ আর প্রতিরোধের প্রতীক হিসেবে বর্ণনা করে বলেন, “এই মাস লক্ষ বিপ্লবীর জন্ম দিয়েছে। যারা নিজেদের ক্ষণস্থায়ী জীবনের সীমানা ছাড়িয়ে দেশের ভবিষ্যতের কথা ভাবে, তাদের পথ থেমে নেই।”

নিজের স্ট্যাটাসে অতীতে ঘটে যাওয়া রাজনৈতিক সহিংসতার দিকেও ইঙ্গিত করেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, “একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকার গঠনের পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন তার সরাসরি রাজনৈতিক ভাষ্য ও কার্যক্রমের জন্য। তার এই ফেসবুক স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

মতামত দিন