রাজনীতি
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে টেলিকম নীতিমালা প্রণয়নের সমালোচনা বিএনপির।

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নির্বাচনের প্রাক্কালে টেলিযোগাযোগ খাতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগকে ‘তাড়াহুড়ো’ ও ‘একতরফা’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ জুলাই) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিটিআরসির ‘ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫’ নীতিগতভাবে ভালো হলেও, এর মধ্যে অনেক অস্পষ্টতা ও বড় প্রতিষ্ঠানের প্রতি পক্ষপাত রয়েছে, যা ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় আইএসপি প্রতিষ্ঠানগুলোর জন্য ক্ষতিকর।

মির্জা ফখরুল বলেন, “এই মুহূর্তে এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ খাতে হঠাৎ করে তড়িঘড়ি করে নীতিমালা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া সমীচীন নয়। সামনে জাতীয় নির্বাচন রয়েছে, এ সময় নীতিনির্ধারণের আগে পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ ও অংশীজনদের সঙ্গে আলোচনা জরুরি।”

বিএনপির প্রধান আপত্তিগুলো:

১. বাজারে একচেটিয়াতন্ত্রের ঝুঁকি:
বিএনপির ভাষ্য মতে, একাধিক সেবা খাতে মালিকানা নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা সবখাত একাধারে নিয়ন্ত্রণ করতে পারে, ফলে ছোট-মাঝারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে।

২. এসএমইদের জন্য নীতির অসুবিধা:
নতুন লাইসেন্স কাঠামোতে এসএমই বা স্থানীয় আইএসপি প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে চাপের মুখে পড়বে। তাদের সক্ষমতা ও দায়-দায়িত্ব সম্পর্কে খসড়ায় কোনো দিকনির্দেশনা নেই।

৩. বিদেশি মালিকানার অনির্দিষ্টতা:
বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মালিকানা সীমা স্পষ্ট নয়, যা অনিশ্চয়তা তৈরি করছে।

৪. নীতির অস্পষ্টতা:

  • ক্রস-ওনারশিপ: উল্লম্ব বা সমান্তরাল মালিকানার বিষয়গুলো স্পষ্ট নয়।

  • এন্টারপ্রাইজ সার্ভিস সীমা: কোথায় ফাইবার ভিত্তিক সংযোগ সীমাবদ্ধ থাকবে, তা অনির্ধারিত।

  • নতুন প্রযুক্তি: স্যাটেলাইট ইন্টারনেট বা ডিজিটাল সেবা নিয়ে দিকনির্দেশনার অভাব রয়েছে।

৫. বড় কোম্পানির প্রতি পক্ষপাত:
একীভূত লাইসেন্স ও স্পেকট্রাম নির্ভরতায় বড় কোম্পানিগুলো বাড়তি সুবিধা পাবে। “ফিক্সড টেলিকম” লাইসেন্সের আওতায় দেশব্যাপী সেবা বাধ্যতামূলক রাখা ছোট কোম্পানির জন্য দুঃসাধ্য।

৬. স্বচ্ছতার অভাব:
নীতিমালায় লাইসেন্স ফি, শর্ত, কার্যকারিতা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।

বিএনপির দাবি:

  • সংশ্লিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ, গ্রাহক প্রতিনিধি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে খোলামেলা আলোচনার পরই নীতিমালা চূড়ান্ত করতে হবে।

  • এসএমই খাতের ওপর সম্ভাব্য প্রভাব, কর্মসংস্থানের ঝুঁকি এবং অর্থনীতির বৃহত্তর প্রেক্ষাপট বিবেচনায় আর্থসামাজিক বিশ্লেষণ জরুরি।

  • জাতীয় স্বার্থে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রহণযোগ্য নীতি তৈরি হোক।

বিএনপি মনে করে, সমতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রযুক্তি খাতের নীতিমালা হতে হবে সময়োপযোগী,যুক্তিসঙ্গত ও জাতীয় ঐকমত্য ভিত্তিক। নির্বাচনের আগে একতরফাভাবে এত গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ন করলে তা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে দলটি।

মতামত দিন