রাজনীতি
ছবি: সংগৃহীত

তিস্তা পরিকল্পনায় সময়ক্ষেপণ বা কৌশলী বিলম্ব সহ্য করা হবে না :নাহিদ ইসলাম।

নিজস্ব প্রতিবেদক:

তিস্তা নদী উন্নয়ন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সময়ক্ষেপণ বা কৌশলী বিলম্ব সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। 

বুধবার (২ জুলাই) কুড়িগ্রামে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিনের পথসভায় তিনি এসব  কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবসম্মত ও নিরপেক্ষভাবে বাস্তবায়ন করতে হবে। ভারতের দালালি ও গোলামির দিন শেষ। বাংলাদেশ হবে আত্মমর্যাদাশীল ও স্বাধীন চেতনার দেশ।”

তিনি দাবি করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা শুরু থেকেই যুক্ত ছিলেন। “ক্ষমতা নয়, মানুষের অধিকার রক্ষা ও ভবিষ্যতের নেতৃত্ব গড়তেই এনসিপি গঠিত হয়েছে,” বলেন নাহিদ।

তিনি আরও জানান, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও তরুণ নেতৃত্বনির্ভর। এ লক্ষ্যে আগামী ৩  আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি।

একই পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আবারও স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হয়, তবে ৫ আগস্টের আন্দোলনের পুনরাবৃত্তিও হবে।”

এদিন সকালে কুড়িগ্রাম জেলার বিভিন্ন সড়কে গাড়িবহর নিয়ে এনসিপির নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন। পথে পথে তাদের অভ্যর্থনা জানান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

মতামত দিন