রাজনীতি
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে এনসিপির পদযাত্রা কর্মসূচি শুরু।

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে (এনসিপি)।কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই পদযাত্রা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সকাল সাড়ে ১০টায় পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে অবস্থিত আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে তারা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কবর জিয়ারতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন এবং যুগ্ম-মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ দলের শীর্ষ নেতারা।

নেতারা বলেন, গত বছরের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গণচেতনার উত্থান ঘটে, তা ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগে রূপ নেয় গণ-অভ্যুত্থানে। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটেই এনসিপির পথচলা।

আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, "আমাদের লক্ষ্য শুধু ক্ষমতার রদবদল নয়, বরং পুরো ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন। বিচার, সংস্কার এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি নতুন সংবিধান প্রণয়ন এখন সময়ের দাবি।"

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে বিলম্ব বা অস্বীকার চলবে না। প্রয়োজন হলে আবারও ছাত্র-জনতা রাজপথে নামবে।"

এনসিপি জানায়, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক মাসব্যাপী এই কর্মসূচি ১ জুলাই শুরু হয়ে চলবে ৩০ জুলাই পর্যন্ত। পদযাত্রার আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে সভা, সমাবেশ, আলোচনাসভা ও গণসংযোগ  কর্মসূচি চালাবে দলটি।

মতামত দিন