রাজনীতি
ছবি: সংগৃহীত

মঠবাড়িয়ায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫।

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দলীয় সদস্যপদ নবায়ন ও যাচাই-বাছাইকে কেন্দ্র করে উদ্ভূত এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (৩০ জুন) সন্ধ্যায় মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে।প্রত্যক্ষদর্শীরা জানান, সদস্য নবায়নের সময় একপক্ষ অন্য রাজনৈতিক দলের সঙ্গে পূর্ব সম্পৃক্তদের সদস্যপদ দান নিয়ে আপত্তি তোলে। এ সময় তর্ক-বিতর্ক থেকে হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়।

আহতদের মধ্যে গুরুতর তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি দু’জন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন ধানীসাফা ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি সজিব হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়নের কর্মী ছগির হোসেন, সাবেক পৌর ছাত্রদল নেতা ইসতিহাক আহম্মেদ মিশাত, গুলিসাখালী ইউনিয়নের নেতা সোহাগ তালুকদার ও টিকিকাটা ইউনিয়নের ইউসুফ খান।

বিএনপির স্থানীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, সদস্য ফরম বিতরণকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবীর বলেন, "আমি নিজে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করি। শামীম মৃধার ভাগনে মিশাতকে জনতা মারছিলেন, আমি না থাকলে হয়তো প্রাণঘাতী পরিস্থিতি হতে পারত। এখন  বিষয়টি আমরা দলীয়ভাবে মীমাংসার চেষ্টা করছি।"

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূলে নেতৃত্ব নির্ধারণ ও সদস্য তালিকা নিয়ে দীর্ঘদিনের  কোন্দলই এই সহিংসতায় রূপ নিয়েছে।

মতামত দিন