মীরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১৫।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী ও বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজিজুর রহমান জানান, রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তার অভিযোগ, এ হামলার পেছনে ছিল উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম ও পৌর বিএনপির আরেক পক্ষের নেতারা।
অন্যদিকে গাজী নিজাম উদ্দিন পাল্টা অভিযোগ করেন, তাদের নেতাকর্মীদের প্রথমে উসকানি ও কটূক্তি করে পরিস্থিতি উত্তপ্ত করা হয়। এরপর তাদের ওপরই হামলা চালানো হয়, যাতে তার পক্ষের কয়েকজন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আহত হন।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহতদের মধ্যে ৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, এটি প্রাথমিকভাবে দলীয় অভ্যন্তরীণ বিরোধ বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
মতামত দিন