রাজনীতি
ছবি: সংগৃহীত

প্রধান সমন্বয়কারীকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে এনসিপি নেতা হেলালের পদত্যাগ।

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতলব দক্ষিণ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই অভ্যন্তরীণ বিরোধে প্রকাশ্যে আসে উত্তেজনা। দলটির নবগঠিত সমন্বয় কমিটির এক যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিনের বিরুদ্ধে ‘ফ্যাসিস্টের সহযোগী’ হওয়ার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (২৯ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মতলব দক্ষিণ উপজেলা শাখার ২০ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি  ঘোষণা করা হয়। এতে ডি এম আলাউদ্দিনকে প্রধান সমন্বয়কারী ও হেলাল উদ্দিনসহ পাঁচজনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়।

কিন্তু কমিটি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই হেলাল উদ্দিন তার ‘এমএইচইউ হেলাল’ নামের ফেসবুক আইডি থেকে পদত্যাগপত্র পোস্ট করেন। পোস্টে তিনি দাবি করেন, প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিন অতীতে জাতীয় পার্টির নেতা ছিলেন এবং বর্তমানে তিনি ‘ফ্যাসিস্ট আওয়ামী ঘরানার নেতাদের সহযোগী’।

হেলাল লিখেছেন, “আমরা কোনো ফ্যাসিস্ট সহযোগীর হাতে জুলাই বিক্রি করে দিতে পারি না।”

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডি এম আলাউদ্দিন বলেন, তিনি বহু আগেই জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসেছেন এবং বর্তমান অভিযোগটি ‘ভুল বোঝাবুঝির’ ফল। তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হবে।

দলীয় সূত্রে জানা গেছে, কমিটি ঘোষণার আগেই কয়েকজন নেতার মধ্যে দায়িত্ব বণ্টন নিয়ে অসন্তোষ তৈরি হয়। কেন্দ্রীয় নেতাদের মধ্যস্থতায় বিষয়টি সাময়িকভাবে সামাল দেওয়া হলেও ঘোষণার পর আবারও  ফাটল দেখা দেয়।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নেতাকর্মীদের মধ্যে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, রাজনৈতিক আদর্শগত পার্থক্য ও ব্যক্তিগত সম্পর্কের দ্বন্দ্ব থেকেই এই উত্তেজনা তৈরি হয়েছে।

মতামত দিন