‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশে ব্যর্থ হয়েছে সরকার: নাহিদ ইসলাম।
রোববার (২৯ জুন) ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “সরকার বলেছিল ৩০ কার্যদিবসের মধ্যে সকলের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র দেবে। কিন্তু তারা উদ্যোগ নেয়নি, প্রতিশ্রুতি রক্ষা করেনি। এটা জনগণের সঙ্গে প্রতারণা।”
তিনি জানান, ওইদিন (৩ আগস্ট) ঘোষণাপত্রের পাশাপাশি ছাত্র-জনতার ইশতেহারও পাঠ করা হবে। এর আগে, ১ জুলাই থেকে শুরু হয়ে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে এনসিপি। কর্মসূচির অংশ হিসেবে ১৬ জুলাই পালিত হবে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ হিসেবে পালন করা হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা শহীদ পরিবার, সহযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের কাছে যাব।সবার অভিমত শুনে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরা হবে ঘোষণাপত্রে। নতুন সংবিধান, বিচার এবং সংস্কারের দাবিতে এবার আমরা ৬৪ জেলায় যাব, শহর থেকে গ্রামে, শহীদের কবর পর্যন্ত।”
এর আগে ৬ জুন এক টিভি সাক্ষাৎকারে এনসিপি আহ্বায়ক বলেছিলেন, “যদি সরকার নির্ধারিত সময়ের মধ্যে সনদ ও ঘোষণাপত্র দেয়, তবে সম্ভাব্য নির্বাচন সময়সূচিকে আমরা স্বাগত জানাব।” তবে তা বাস্তবায়ন না হওয়ায় এবার ছাত্র-জনতাকে নিয়ে নিজেরাই সেই দায়িত্ব নিচ্ছে বলে জানান তিনি।
মতামত দিন