রাজনীতি
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসজুড়ে পদযাত্রার ঘোষণা এনসিপির।

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জুলাই মাসজুড়ে ‘অভ্যুত্থান মাস’ হিসেবে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়  নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২৯ জুন) এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শিরোনামে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।

মাসব্যাপী কর্মসূচির সূচনা হবে এনসিপি নেতা আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। এরপর ১৬ জুলাই পালিত হবে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ এবং ৩ আগস্ট ছাত্র-জনতার ইশতেহার  পাঠ করা হবে শহীদ মিনার প্রাঙ্গণে। ৫ আগস্ট উদযাপিত হবে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’।

নাহিদ ইসলাম জানান, “এই কর্মসূচির অংশ হিসেবে আমরা যাবো আন্দোলনে আহতদের কাছে, শহীদ পরিবারগুলোর কাছে, আর যারা ছিলেন আন্দোলনের প্রথম সারির সৈনিক—তাদের সঙ্গে কথা বলবো, শুনবো জুলাই অভ্যুত্থান নিয়ে তাদের প্রত্যাশা।”

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের সৈনিকরা আর কারো মুখাপেক্ষী নয়। সময় এলে আমরা নিজেরাই জনগণকে সঙ্গে নিয়ে পথনির্দেশনা দেবো।”

তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে বিচার প্রক্রিয়ার রূপরেখা ঘোষণা জরুরি। “যেই সরকারই আসুক, তাদের প্রতিশ্রুতি থাকতে হবে—জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে বিচার চালিয়ে যাওয়া হবে।”

উল্লেখ্য, পুরো কর্মসূচি বাস্তবায়নের জন্য সারজিস আলম ও অনিক রায়কে আহ্বায়ক করে উদযাপন কমিটি গঠন করেছে এনসিপি।

মতামত দিন