নির্বাচনের আগে সিটি বা পৌর ভোট হোক:নুরুল হক নুর।
শুক্রবার (২৭ জুন) ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি।
নুর বলেন, “এই সরকার আবারও দিনের ভোট রাতে করে কিনা, তা জানতে চাই। সেজন্য অন্তত স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। এতে প্রশাসনের ভূমিকা সম্পর্কে জনগণের ধারণা স্পষ্ট হবে।”
বর্তমান প্রশাসন একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত করছে— এমন অভিযোগ তুলে নুর বলেন, “ওই দল ক্ষমতায় আসছে ধরে নিয়ে আগেভাগে তোষামোদ শুরু করে দিয়েছে। কোথাও গেলে তাদের ভিআইপি প্রটোকল পর্যন্ত দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “সরকারের সুরক্ষা কার্যক্রমে সকল দলের অংশগ্রহণ ও মতামত নিশ্চিত করা জরুরি। কোনো বিশেষ দলকে এগিয়ে রাখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”
আনুপাতিক ভোট ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, “এই ব্যবস্থার পক্ষে একটি দল বাদে প্রায় সবাই একমত। প্রার্থী দুর্বল হোক বা সবল, গণ অধিকার পরিষদ ৩০০ আসনেই প্রার্থী দেবে।”
সবশেষে নুর বলেন, “নির্বাচনের আগে গণহারে দমনপীড়নের বিচার ও রাজনৈতিক সংস্কার করতে হবে। পেশিশক্তি কিংবা কোনো দলের প্রভাব দূর করেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।”

মতামত দিন