রাজনীতি
ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন জমা ১৪৪টি।

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ১৪৪টি দলের আবেদন জমা পড়েছে। মোট আবেদন পড়েছে ১৪৭টি, যার মধ্যে তিনটি দলের আবেদন একাধিক হওয়ায় প্রকৃত দলসংখ্যা কম।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব মো. আখতার হামিদ।

তিনি জানান, জমাকৃত আবেদনের প্রাথমিক যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে কমিশন ২০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে। পাশাপাশি, এবারের নির্বাচনে প্রতীকের সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভোটার তালিকা আইন সংশোধনের বিষয়েও অগ্রগতি হয়েছে বলে জানান সচিব। তিনি বলেন, কোন সময় পর্যন্ত নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন, তা যৌক্তিক দৃষ্টিকোণ থেকে নির্ধারণ করবে কমিশন। এ সংক্রান্ত বিধান সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সচিব জানান, এ পর্যন্ত ৭৬টি সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি জমা পড়েছে। এসব আবেদন যাচাই করে কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

নির্বাচন উপকরণ সংক্রান্ত প্রস্তুতির অগ্রগতির বিষয়ে সচিব বলেন, নির্বাচনী সরঞ্জাম কেনার প্রক্রিয়া চলছে এবং আগামী সেপ্টেম্বরের মধ্যেই তা সম্পন্ন হবে।

মতামত দিন