রাজনীতি
ছবি: সংগৃহীত

নিবন্ধন ফিরে পাওয়ার পর সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক।

নিজস্ব প্রতিবেদক:

নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

বুধবার (২৫ জুন) সকাল ১০টা ৪০ মিনিটে নির্বাচন কমিশন ভবনে পৌঁছায় প্রতিনিধিদলটি।

পরে বেলা ১০টা ৫০ মিনিটের দিকে তারা সিইসির কক্ষে প্রবেশ করে। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয়  প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং কর্মপরিষদের সদস্য ও দলের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

এর আগে মঙ্গলবার (২৪ জুন) জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তাতে বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী ২০১৮ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের যে প্রজ্ঞাপন ইসি প্রকাশ করেছিল, তা বাতিল করা হয়েছে। সেই  সঙ্গে দলটি দলীয় প্রতীকসহ পুনরায় নিবন্ধিত হলো।

নিবন্ধন ফিরে পাওয়ার পরের দিনই নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জামায়াতের এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। দলটি এখন আনুষ্ঠানিকভাবে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে পারবে।

মতামত দিন