রাজনীতি
ছবি: সংগৃহীত

“আওয়ামী লীগ নিস্তেজ হয়ে পড়ছে”—মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার।

নিজস্ব প্রতিবেদক:

দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের ক্রমহ্রাসমান উপস্থিতি ও কার্যক্রমের অভাব নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (২৪ জুন) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১০ম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। কিন্তু আমরা যেমনটি ধারণা করেছিলাম, সেই তুলনায় বড় কোনো জনসমাগম দেখা যায়নি। এটা থেকেই বোঝা যাচ্ছে, আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে।”

সাংবাদিকদের আরেক প্রশ্নে তিনি বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরও কিছু এলাকায় তাদের মিছিল-মিটিং হয়েছে, তবে তা নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচন কবে হতে পারে জানতে চাইলে জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, “নির্বাচন কমিশনই নির্বাচনের সময় নির্ধারণ করবে। আমাদের দায়িত্ব হলো সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, যাতে অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করা যায়।”

ভোটের সময় স্বচ্ছতা নিয়ে সাংবাদিকরা বিগত নির্বাচনের ‘দিনের ভোট রাতে হওয়া’ প্রসঙ্গ তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তখনও তো আপনারা মাঠেই ছিলেন।” সাংবাদিকদের পক্ষ থেকে পাল্টা মন্তব্য আসে,“ভোট তো রাতে হয়েছিল, আর আমরা দায়িত্ব পালন করেছি দিনে।”

নির্বাচনকে সামনে রেখে মাঠে কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি আশ্বাস দেন, এবারের ভোট গ্রহণ হবে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ, অবাধ ও সবার অংশগ্রহণমূলক।

মতামত দিন