রাজনীতি
ছবি: সংগৃহীত

জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের প্রস্তাব জামায়াতের।

নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে আয়োজনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এটি সময়োপযোগী পদক্ষেপ হবে বলে মত দিয়েছেন তিনি।

সোমবার (২৩ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনার ড. অজিত সিংয়ের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তাহের।

তিনি বলেন, “বিশ্বের অনেক দেশে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হয়েছে। বাংলাদেশেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট রয়েছে। তাই আমরা মনে করি, জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন সম্ভব এবং প্রয়োজনীয়।”

বৈঠকে কানাডার হাইকমিশনারও বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্বের বিষয়ে একমত পোষণ করেন বলে জানান তাহের। তার ভাষ্য, “তিনি (ড. অজিত সিং) আমাদের আশ্বস্ত করেছেন—সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে কানাডা বাংলাদেশের পাশে থাকবে।”

ভোট সংস্কারে গণভোটের প্রস্তাব

নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়েও অবস্থান ব্যাখ্যা করেছেন জামায়াত নেতারা। তারা বলেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিসহ যেসব ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য আছে, সেসব বিষয়ে গণভোট আয়োজন করা যেতে পারে। তাহের বলেন, “গণতন্ত্রের বিকাশে জনগণের মতামতই চূড়ান্ত হওয়া উচিত।”

আন্তর্জাতিক যোগাযোগ জোরদার করছে জামায়াত

এদিনের বৈঠক ছাড়াও জামায়াত সম্প্রতি কূটনৈতিক যোগাযোগে সক্রিয়। এর আগের দিন (২২ জুন) দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। সেখানেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গ আলোচনায় আসে বলে জানিয়েছে দলটি।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়াতে এবং দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের উপায় খুঁজতে জামায়াত এখন দ্বিপক্ষীয় সংলাপ ও কূটনৈতিক তৎপরতা জোরদার করছে।

মতামত দিন