রাজনীতি
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার ফোনে আশ্বস্ত হয়ে সংলাপে জামায়াত।

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে ফোন করে নিরপেক্ষতার আশ্বাস দিয়েছেন।
তার আশ্বাসেই দলটি আজকের বৈঠকে অংশ নিয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টায় রাজধানীর দোয়েল হলস্থ ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের  দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেয় জামায়াতে ইসলামী। আলোচনায় দলের পক্ষে অংশ নেন তিন শীর্ষ নেতা—নায়েবে আমির ডা. সৈয়দ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদ।

বৈঠক শেষে সাংবাদিকদের ডা. তাহের বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা একজন নির্দিষ্ট দলের নেতার সঙ্গে কথা বলায় আমরা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও বিব্রতবোধ করি। এই প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে গতকালের সভায় অংশ নিইনি। তবে পরে প্রধান উপদেষ্টা সরাসরি জামায়াত আমিরকে ফোন করে নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করলে আমরা আজকের সভায় যোগ দিই।”

আজকের আলোচনায় ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে মতবিনিময়।সকাল সাড়ে ১০টা থেকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা একাডেমিতে উপস্থিত হতে শুরু করেন।

উল্লেখ্য, ঐকমত্য কমিশনের প্রথম দিনের বৈঠকে জামায়াতে ইসলামী অংশ না নিলেও দ্বিতীয় দিন তারা সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেয় এবং নিজেদের অবস্থান স্পষ্ট করে।

মতামত দিন