রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচনের তারিখ নিয়ে অস্থির না হয়ে ধৈর্য ধরার আহ্বান:আমির খসরুর।

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনের দিনক্ষণ ঘিরে এখনই অস্থির না হয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সব সময় তো উত্তেজনায় থাকা যায় না, কিছুটা সহনশীল হওয়া উচিত।

মঙ্গলবার (১৭ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রমজানের আগেই নির্বাচনের বিষয়ে একটি জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। এ নিয়ে ভিন্নমতের জায়গা খুব একটা নেই। নানা বাস্তবতা থেকেই সবাই ঐকমত্যে পৌঁছেছে এবং এতে আমরা স্বস্তিও অনুভব করছি।’

নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে আমির খসরু বলেন,‘দিনক্ষণ তো নির্বাচন কমিশনই ঘোষণা করবে।সেটা এখনই বলার সুযোগ নেই। সরকারও না, আমরাও না। নির্বাচন কমিশনের ঘোষণার অপেক্ষা করতে হবে।’

বিএনপি নেতা আরও বলেন, ‘সবাই অপেক্ষায় আছি। নিশ্চয়ই সঠিক সময়ে কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে। আমাদের একটু ধৈর্য ধরতে হবে।’

বিএনপির তরফ থেকে জানানো হয়, বৈঠকে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যিনি দলের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে আমির খসরু বলেন, ‘আদালতের রায় অনুযায়ী নির্বাচন কমিশনের পক্ষ  থেকেই বিষয়টি এসেছে। এখন দেখা যাক, সরকার কী সিদ্ধান্ত নেয়। আমরা অপেক্ষা করছি।’

মতামত দিন