গাজীপুর-২ আসনে জামায়াতের শোডাউনে নির্বাচনী মাঠে নতুন উত্তাপ।
শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম থেকে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই শোডাউনে শতাধিক মোটরসাইকেলে অংশ নেন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা। মিছিলটি টঙ্গী ও আশপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ হোসেন আলী, যিনি গাজীপুর মহানগরের নায়েবে আমীর এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্বেও আছেন, এই কর্মসূচির মাধ্যমে মাঠে সরাসরি ভোটার সংযোগ তৈরির চেষ্টা চালান। শোডাউনের বিভিন্ন পয়েন্টে তিনি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, তুলে ধরেন নিজের উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক প্রতিশ্রুতি।
আয়োজকদের দাবি, এই শোডাউন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আগ্রহ নতুন করে উস্কে দিয়েছে। তাদের ভাষ্য, স্থানীয় ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং এতে করে মাঠের রাজনীতিতে জামায়াতের উপস্থিতি চোখে পড়ার মতোভাবে জানান দিচ্ছে নিজেদের অবস্থান।
স্থানীয় পর্যায়ে এই দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা জামায়াতকে নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে—বিশেষ করে যখন প্রধান প্রধান দলগুলোও এখনো পুরো দমে মাঠে নামেনি।

মতামত দিন