রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচনের তারিখ নয়,আগে দরকার সংস্কার ও বিচার:এনসিপি নেতা হাসনাত।

নিজস্ব প্রতিবেদক:

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনের সময়সূচি গুরুত্ব পেলেও, বিচার ও কাঠামোগত সংস্কার নিয়ে আলোচনা অনুপস্থিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৩ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই হতাশা প্রকাশ করেন।

হাসনাত বলেন, “প্রফেসর ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠককে আমরা রাষ্ট্র ও জনগণের স্বার্থে একটি প্রয়োজনীয় ও ইতিবাচক সংলাপ হিসেবে দেখি। তবে ওই আলোচনায় নির্বাচনের মাস ও তারিখ যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি করে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের অন্যতম প্রয়োজনীয় বিষয়—বিচার ও মৌলিক সংস্কার—বুঝি গুরুত্ব পায়নি। যা হতাশাজনক।”

তিনি স্পষ্ট করে বলেন, এই সরকার কোনো অর্থে একটি তত্ত্বাবধায়ক সরকার নয়। বরং এটি একটি অভ্যুত্থানের বাস্তবতায়, জনগণের রক্ত ও আত্মত্যাগের ভিত্তিতে গঠিত একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন, যার প্রতি জনগণের বিশেষ প্রত্যাশা রয়েছে।

হাসনাতের মতে, নির্বাচন নিয়ে আলোচনা করার আগে 'জুলাই ঘোষণাপত্র' ও 'জুলাই সনদ' প্রকাশ এবং বিচার ও সংস্কার সংক্রান্ত দিকগুলো স্পষ্ট করা উচিত। তিনি বলেন, “জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা মূল দায়িত্ব ভুলে যাওয়ার নামান্তর। সনদ ও সংস্কারের ভিত্তি গঠনের পরই নির্বাচন প্রসঙ্গ চূড়ান্ত হওয়া উচিত।”

বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসনের অব্যবস্থাপনা, চাঁদাবাজি, রাজনৈতিক দখলদারিত্ব ও পেশিশক্তির প্রদর্শনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংস্কার ছাড়া নির্বাচনের কোনো অর্থ নেই।”

শেষ পর্যন্ত তিনি মন্তব্য করেন, “নির্বাচন এপ্রিল হবে নাকি ফেব্রুয়ারিতে, সেটি মুখ্য নয়। তার চেয়েও  গুরুত্বপূর্ণ হলো নির্বাচনের আগে জনগণ দেখবে, জুলাই সনদ হলো কিনা, মৌলিক সংস্কার ও দৃশ্যমান বিচার আদৌ বাস্তবায়িত হলো কি না।”

মতামত দিন