রাজনীতি
ছবি: সংগৃহীত

লন্ডনে ড. ইউনূস-তারেক বৈঠক, নির্বাচন নিয়ে বিস্তৃত আলোচনা।

নিজস্ব প্রতিবেদক:

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক শেষ হয়েছে। শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় এবং বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে হোটেল ডোরচেস্টারে শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা ধরে।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন প্রশাসনের কাঠামো ও রাজনৈতিক সংস্কারসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনী সময়সূচি নিয়ে আপত্তি তুলেছে বিএনপি।

বৈঠকের আগে দুপুর ১টার দিকে বাসা থেকে বের হয়ে হোটেলটিতে পৌঁছান তারেক রহমান। এর আগে,৯ জুন সরকার ও বিএনপি—দুই পক্ষ থেকেই এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছিল। তখন থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে, এই বৈঠকে মূল এজেন্ডা কী হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির ৯ জুনের বৈঠকে বৈঠকের যাবতীয় আলোচনার দায়ভার অর্পণ করা হয় তারেক রহমানের ওপর। দলের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, বৈঠকে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়—নির্বাচনের সময় নির্ধারণ, রাজনৈতিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়া। তবে সর্বাধিক গুরুত্ব পায় নির্বাচন প্রসঙ্গটি।

ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে, তাকে গ্রহণযোগ্য মনে করছে না বিএনপি। দলটির দাবি, চলতি বছরের ডিসেম্বরই নির্বাচন আয়োজনের সবচেয়ে উপযুক্ত সময়। তবে রমজানের আগেই—অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতেও নির্বাচন অনুষ্ঠিত হলে তা মেনে নেওয়া যেতে পারে বলেও দলটির অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে।

উল্লেখ্য, চার দিনের সফরে লন্ডনে অবস্থান করছেন ড. ইউনূস। অপরদিকে, তারেক রহমান ২০০৮ সাল  থেকে সপরিবারে লন্ডনে প্রবাস জীবন যাপন করছেন।

মতামত দিন