ভারতীয় বিমান দুর্ঘটনায় তারেক রহমানের শোকবার্তা।
ফেসবুকে তার ভেরিফায়েড আইডি থেকে প্রকাশিত পোস্টে তিনি লেখেন, “অনেক দেশের ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী একটি বিমান ভারতের আকাশে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুঃসময়ে আসুন, আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং দোয়া করি।”
এদিকে আজ দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভূপাতিত হয়। বিমানে থাকা ২৪২ জন যাত্রীর বেশিরভাগেরই প্রাণহানির আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা।
এয়ার ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, আহমেদাবাদ পুলিশ কমিশনারের বরাত দিয়ে বলা হয়েছে—দুর্ঘটনায় ‘সম্ভবত বিমানের সব যাত্রীই প্রাণ হারিয়েছেন।’
এই মর্মান্তিক ঘটনার পর, সামাজিক মাধ্যমে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তারেক রহমান ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা নিহতদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন।
মতামত দিন