রাজনীতি
ছবি: সংগৃহীত

লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১৩ জুন লন্ডনের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ জুন) বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সাক্ষাৎসূচি চূড়ান্ত করা হয়। বৈঠকটির আনুষ্ঠানিক বিবরণ মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যদিও বিএনপি এটিকে একটি ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে উপস্থাপন করছে, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই বৈঠক বহুমাত্রিক গুরুত্ব বহন করছে। জানা গেছে, তারেক রহমান এ সময় বিএনপির কিছু নির্বাচনি প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন। একইসঙ্গে নির্বাচন-পরবর্তী সংস্কার নিয়ে তৈরি জটিলতা নিয়েও আলোচনা হতে পারে।

এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়েন অধ্যাপক ইউনূস। তিনি চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন। সফরকালে তার সঙ্গে রয়েছেন সরকারের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে,এই সফরে রাজা তৃতীয় চার্লস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সৌজন্য ও দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।এছাড়া কমনওয়েলথ ও আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (IMO) মহাসচিবদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

১১ জুন ড. ইউনূস লন্ডনের চ্যাথাম হাউসে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন, যেখানে তিনি বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান ও ভূরাজনৈতিক অগ্রাধিকার তুলে ধরবেন।

যুক্তরাজ্যে অবস্থানরত বিশাল প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠী এবং দেশটির সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ককে সামনে রেখে এই সফরকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষত রাজনৈতিক অস্থিরতার এই সময়ে তারেক রহমান ও ড. ইউনূসের এই সাক্ষাৎ দুই পক্ষের মধ্যে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিতও দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর শেষ হবে ১৪ জুন। সেদিনই তার দেশে ফেরার কথা রয়েছে।

মতামত দিন