রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকা সিটি কর্পোরেশনে উপদেষ্টা বা প্রশাসক বসতে দেওয়া হবে না:ইশরাক।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা সিটি করপোরেশনে কোনো প্রশাসক বা সরকারের মনোনীত উপদেষ্টা বসতে দেওয়া হবে না বলে  হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা পদত্যাগ না করলে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।

শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ঈদুল আজহার প্রধান জামাতকে কেন্দ্র করে ময়দানের প্রস্তুতির খোঁজ নিতে যান ইশরাক।

ইশরাক বলেন, “আমি এখানকার নির্বাচিত প্রতিনিধি। আদালতের রায়ের ভিত্তিতেও মেয়র হিসেবে এসেছি। এটা আমার সাংবিধানিক ও সামাজিক দায়িত্ব। তাই পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে মাঠকর্মীদের সঙ্গে আমিও অংশ নেব। কাল ঈদের দিনও যারা কাজ করবেন, আমি তাদের পাশে থাকব।”

তিনি আরও বলেন, “যদি সরকারের কোনো মহল সিটি করপোরেশনে প্রশাসক বসানোর পরিকল্পনা করে, তাহলে তা কোনোভাবেই মানা হবে না। প্রয়োজনে বিগত কাউন্সিলর, পাড়া-মহল্লার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ‘বিপ্লবী নগর কাউন্সিল’ গঠন করে আমরা জনগণের সেবামূলক কাজ চালিয়ে যাব।”

বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে ইশরাক বলেন, “এ পরিষদের  অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তারা নিরপেক্ষতার মাত্রা হারিয়েছে। যাদের রাজনীতির ইচ্ছা  আছে, তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে মাঠে নামুক— এটাই আমাদের দাবি।”

এ সময় স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারের দাবিও তোলেন তিনি। বলেন, “এখন সবাই নির্বাচন ও সংবিধান নিয়ে ব্যস্ত, কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থার যে দীর্ঘদিনের অচলাবস্থা, সেটা নিয়ে কেউ কথা বলছে না। এই কাঠামোর বড় পরিবর্তন দরকার। প্রয়োজনে আমরা এর সংস্কারের জন্য আন্দোলনে যাব।”

মতামত দিন