জিয়া পরিবারকে ঘিরে অপপ্রচারে লিপ্ত দুষ্টচক্র: রিজভী।
রিজভী অভিযোগ করেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, একটি দুর্বৃত্তচক্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বানোয়াট মন্তব্য ছড়াচ্ছে। পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। এর পেছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ব্যর্থ হয়ে এখন জিয়া পরিবারকে সরাসরি টার্গেট করা হচ্ছে। “সৌজন্যবোধসম্পন্ন ও বিনয়ী ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে এ ধরনের কৃত্রিম ও বিকৃত কনটেন্ট তৈরি শুধু গর্হিত নয়, এটি একটি গুরুতর অপরাধ,” বলেন রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনো কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনো নেই। জনগণকে অনুরোধ করছি,এসব ভুয়া পোস্ট ও প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হতে।”
বিএনপির পক্ষ থেকে এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। রিজভী বলেন, “গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই। প্রযুক্তিকে অপব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শেষ পর্যন্ত জনগণই প্রত্যাখ্যান করবে।”

মতামত দিন